Logo
শিরোনাম

করোনার চেয়েও ভয়াবহ মহামারির পূর্বাভাস

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ০৭ এপ্রিল ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯

বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে মহামারি করোনাভাইরাস। একের পর এক নতুন ভ্যারিয়েন্টের কাছে প্রায় দিশেহারা মানুষ। সম্প্রতি ওমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্ক ছড়াচ্ছে বহুগুণে। এর মধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার অন্যতম এক উদ্ভাবক সতর্কবার্তা দিলেন। জানালেন, করোনা-পরবর্তী মহামারি আরও মারাত্মক হতে পারে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট এক বক্তৃতায় বলেছেন, করোনার ভয়াবহতার চেয়ে ভবিষ্যতের মহামারি আরও বিপজ্জনক হতে পারে। সোমবার (৬ ডিসেম্বর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

বক্তৃতায় সারাহ গিলবার্ট পরবর্তী মহামারিগুলো মোকাবিলায় এ খাতে অধিক আর্থিক বিনিয়োগের প্রয়োজনীয়তার প্রতি জোর দিয়েছেন। বলেছেন, মহামারি মোকাবিলায় ইতোমধ্যে অনেক অগ্রগতি অর্জন হয়েছে। তবে তা যাতে বৃথা না যায়, সে জন্য মহামারি মোকাবিলার প্রস্তুতিতে আরও তহবিল প্রয়োজন।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ধরনটি ধরা পড়ে। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশেই ছড়িয়েছে ওমিক্রন। তাই ওমিক্রন বিষয়ে সতর্ক করেছেন অধ্যাপক গিলবার্ট। বলেন, করোনা টিকা নতুন এ ভ্যারিয়েন্ট প্রতিরোধে সীমিত কার্যকর হতে পারে। কারণ নতুন ধরনটির সম্পর্কে বেশি তথ্য জানার সুযোগ হয়নি। তাই সতর্কতা অবলম্বনের বিকল্প নেই।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৪ হাজার ৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৪ লাখ ২২ হাজার ৪২১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ৯৪১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৭০ হাজার ৫৪৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৬১৭ জন।

নিউজ ট্যাগ: সারাহ গিলবার্ট

আরও খবর