
কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ড মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের ওপর কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় যাওয়ার পথে বিকেলে কক্সবাজার বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেছি। মুহিবুল্লার পরিবারের সঙ্গেও কথা বলেছি। তাদের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। ক্যাম্পে কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেয়া হচ্ছে না। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর জন্যও বিভিন্ন বিষয়ে কাজ চলমান রয়েছে। ভাসানচর প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হয়েছে। আস্তে আস্তে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকছে।
তিনি আরও বলেন, মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই এ ঘটনা প্রত্যাবাসনকে ব্যাহত করতে পারবে না।
দেশীয় গণমাধ্যম ক্যাম্পে প্রবেশে কোন বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এমন কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
দুদিনের সফরের দ্বিতীয় দিনে শনিবার দুপুরে প্রতিনিধি দলটি মুহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন করে।
প্রতিনিধি দলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ছাড়াও আছেন, পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাপরিচালক ফায়াজ মুর্শিদ কাজি, পররাষ্ট্র সচিবের দপ্তরের মহাপরিচালক মো. আলীমুজ্জামান ও সহকারী সচিব শোয়াইব-উল ইসলাম তরফদার।
এরআগে, শুক্রবার দুইদিনের সফরে বিমানযোগে কক্সবাজারে আসেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল।
