
খারাপ সময় যেন
পিছু ছাড়ছে না পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির। ইনজুরির কারণে এশিয়া কাপসহ একাধিক
সিরিজ মিস করেছেন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আবারও সেই পুরনো চোটে পড়ে শাহিন
ছিটকে যান মাঠের বাইরে। এবার তার তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে। ইসলামাবাদের এক
হাসপাতালে তার পেটে অস্ত্রোপচার করে অ্যাপেন্ডিসাইটিস বাদ দেওয়া হয়েছে। আপাতত তিনি
কিছুটা সুস্থ।
হাসপাতালের বেডে
শুয়ে থাকার ছবি টুইটারে পোস্ট করে শাহিন আফ্রিদি লিখেছেন, 'আজ আমার অ্যাপটমি অস্ত্রোপচার
হয়েছে আলহামদুল্লাহ আমি এখন অনেকটাই সুস্থবোধ করছি। আমার জন্য সবাই প্রার্থনা করুন।
বিশ্বকাপে চোট
পাওয়ার পর অস্ট্রেলিয়ার হাঁটু বিশেষজ্ঞ ডাক্তার পিটার ডি আলেসান্দ্রোর সঙ্গে পরামর্শ
করে পাকিস্তান ক্রিকেট দলের মেডিকেল টিম। আলেসান্দ্রো জানান অস্ত্রোপচারের কোন প্রয়োজন
নেই। রিহ্যাব করলেই সুস্থ হয়ে উঠবেন শাহিন আফ্রিদি। এরপর থেকে পাকিস্তানের পাকিস্তানের
হাইপারফরম্যান্স সেন্টারেই আফ্রিদির রিহ্যাব চলছিল। রিহ্যাব চলাকালীন তিনি পেটে অস্বস্তি
বোধ করেন। নানা পরীক্ষা নিরীক্ষার পর তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে।
এরপর দ্রুত শাহিনকে
ইসলামাবাদের হাসপাতলে ভর্তি করা হয়। সেখানেই তার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। এই অস্ত্রোপচারের
ফলে দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হবে পাকিস্তানের এই পেসারকে। তার মাঠে ফিরতে কমপক্ষে
৬-৭ সপ্তাহ লেগে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। এই সময়টা তাকে রিহ্যাব থাকতে হবে।
ফলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলা হচ্ছে না। এপ্রিলের
আগে আফ্রিদি মাঠে ফিরতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

