
দুই টেস্টের সিরিজ
খেলতে গত বুধবার শ্রীলঙ্কায় পৌঁছেছিল পাকিস্তান ক্রিকেট দল। কলম্বোয় পা রেখেই দুঃসংবাদ
পেয়েছে দলটি। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির এক স্টাফ। তাকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে
আইসোলেশনে। আক্রান্ত সেই স্টাফের নাম মালাং আলী। তিনি পাকিস্তান দলের ক্রিকেটারদের
ম্যাসাজ সেবা দেওয়ার কাজ করে থাকেন।
শ্রীলঙ্কার নিয়মানুসারে
বর্তমানে তাকে পাঁচ দিনের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। শেষ দিন আবারও র্যাপিড এন্টিজেন
পদ্ধতির করোনা পরীক্ষা করা হবে তার। সেই টেস্টে নেগেটিভ এলে তবেই তিনি দলের সঙ্গে যোগ
দিতে পারবেন বলে জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম।
বহরে ১৮ খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ১৩ সদস্য নিয়ে গত বুধবার পাকিস্তান দল কলম্বোয় নামে। লঙ্কান মুল্লুকে পা দেওয়ার পরই নিয়মানুসারে করোনা পরীক্ষা করা হয় পুরো দলের। সেখানেই মেলে এই দুঃসংবাদ। দলের বাকি সদস্যরা অবশ্য করোনামুক্তই আছেন এখন পর্যন্ত। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

