Logo
শিরোনাম

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ‘ছক্কার সেঞ্চুরি’

প্রকাশিত:সোমবার ১১ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ছক্কার সেঞ্চুরি করে ফেললেন অধিনায়ক তামিম ইকবাল। গতকাল রবিবার উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। যাতে ছিল চানটি চার এবং একটি ছক্কার মার। অ্যান্ডারসন ফিলিপের করা লেগ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ বলটি তামিম পাঠিয়ে দেন গ্যালারিতে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নামার আগে ওয়ানডেতে তামিমের ছক্কার সংখ্যা ছিল ৯৯। ফিলিপকে সীমানার বাইরে উড়িয়ে ফেলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ছক্কার প্রথম সেঞ্চুরিয়ান হয়ে যান তামিম। ২০০৭ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে তিনি প্রথম ছক্কা মেরেছিলেন। ১০০ ছক্কা হতে লাগল ২২৪ ইনিংস আর ১৫ বছর।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মুশফিকুর রহিমের (৮৫টি)। ১৮০ ইনিংসে ৭১ ছক্কা নিয়ে তৃতীয় মাহমুদ উল্লাহ। স্বীকৃত বোলার হয়েও ১৫৬ ইনিংসে ৬২ ছক্কা নিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আছেন চার নম্বরে।  ৮৫ ইনিংসে ৪৯ ছক্কা নিয়ে পাঁচে আছেন একসময়ের বিনোদনদায়ী ব্যাটসম্যান আফতাব আহমেদ।  সাকিব আল হাসানের ছক্কা ২০৯ ইনিংসে ৪৬টি।

ক্রিকেট দুনিয়ায় ৩৬৯ ইনিংসে ৩৫১ ছক্কা মেরে সবার ওপরে আছেন শহিদ আফ্রিদি। ২৯৪ ইনিংসে ৩৩১টি ছক্কা হাঁকিয়ে 'ক্যারিবিয়ান দানব' ক্রিস গেইল আছেন দুইয়ে। আর কারো ৩০০ ছক্কা নেই। টাইগারদের তিন সংস্করণ মিলিয়ে ছক্কার সংখ্যায় সবার ওপরে তামিম (১৮৪)। এরপর আছেন মাহমুদ উল্লাহ (১৫৮), মুশফিক (১৫৩), সাকিব আল হাসান (১০৯) ও মাশরাফি (১০৭)।

নিউজ ট্যাগ: তামিম ইকবাল

আরও খবর