
বিশ্বকাপে আর্জেন্টিনার
সামনে কেবল একটাই সমীকরণ– হয় জয়, না হয় বাড়ি যাও। এমন বাঁচা-মরার ম্যাচে মেক্সিকোর
বিরুদ্ধে প্রথমার্ধে আর্জেন্টিনা গোলের দেখা পায়নি।
খেলার শুরুতে
আর্জেন্টিনা নিয়ন্ত্রণ নেয়। কিন্তু মেক্সিকোও ম্যাচে অধিকার ধরে রাখে। লা আলবিসেলেস্তে
বল ধরে রাখলে মেক্সিকান খেলোয়াড়রা ফিরিয়ে দিতে প্রস্তুত থাকে। খেলার ২৫ মিনিটে ৬৭ শতাংশ
বল ছিল আর্জেন্টিনার দখলে। এই সময়ে দুই দলের কোনো দল ভালো শট নিতে পারেনি।
আর্জেন্টিনা আক্রমণের
পর আক্রমণ করে কিন্তু মেক্সিকানরা আক্রমণ প্রতিহত করে। নির্ধারিত ৪৫ মিনিট খেলা শেষে
৫ মিনিট স্টপেজ টাইম নির্ধারণ করা হয়। কিন্তু এই সময়েও দুই দলের কোনো দল গোল করতে পারেনি।
ম্যাচটাতে আর্জেন্টিনার
যে জিততেই হবে, বিষয়টা প্রথমার্ধের খেলাতে অন্তত বোঝা যায়নি। শুরুর ৪৫ মিনিটে আর্জেন্টিনা
যে গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে তেমন পরীক্ষাতেই ফেলতে পারেনি! শট নিয়েছে মোটে একটা,
তাও সেটা হয়েছে লক্ষ্যভ্রষ্ট।
দুই দলই একটা
করে পেয়েছে ফ্রি কিক, মেক্সিকো বক্সের ডান প্রান্তে পাওয়া ফ্রি কিকটা থেকে মেসির শট
অনেকটা অনায়াসেই ঠেকিয়েছেন ওচোয়া। ওদিকে আর্জেন্টিনা বক্সের সামনে পাওয়া ফ্রি কিকটা
একটু এদিক ওদিক হলে গোলই হয়ে যেতে পারত। এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন বলে রক্ষা। ডান
দিকে ঝাঁপিয়ে বলটা আয়ত্বে নিতে হয়েছে তাকে। তাই গোল হজম করে প্রথমার্ধ বিরতিতে যাওয়া
থেকে রক্ষা পায় আর্জেন্টিনা।
এই ম্যাচে আর্জেন্টিনার
যে জয় চাই, তা বলাই বাহুল্য। কিন্তু মাঠের পারফর্ম্যান্সে তার ছাপ নেই মোটেও। ম্যাচটা
জিততে হলে পারফর্ম্যান্সটাকে আমূলেই বদলে ফেলতে হবে দলকে। মেসিরা সেটা পারবেন কি না,
তা সময়ই বলে দেবে।

