Logo
শিরোনাম

রানা প্লাজার নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

প্রকাশিত:রবিবার ২৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মোমবাতি প্রজ্জ্বালন এবং মানববন্ধনের মাধ্যমে নয় বছর আগে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণ করলেন স্বজন, সহকর্মী আর বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় সেই দুর্ঘটনায় জড়িতদের শাস্তি আর নিহতের স্বজন এবং আহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।

শনিবার সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিধ্বস্ত রানা প্লাজার অস্থায়ী বেদীর সামনে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে চারপাশ। নিহত শ্রমিকদের আত্মার শান্তি কামনা করে দোয়ার আয়োজনও করা হয়।

উপস্থিত নিহত শ্রমিকদের পরিবার ও শ্রমিক সংগঠনগুলো জানায়, রানা প্লাজা দুর্ঘটনার নয়টি বছর পার হয়ে গেলেও এখনো ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি।

ক্ষতিগ্রস্ত সবার প্রয়োজনীয় সহায়তা, পুনর্বাসন এবং আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, রানা প্লাজার দুর্ঘটনার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। এটি কোন দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। তাই দ্রুত সব ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবারদেরকে সঠিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, রানা প্লাজা নামক ভবনটিতে শুধু রানার মালিকানাধীন কারখানাই ছিল না। এখানে আরো অনেক মালিকের কারখানা ছিল। কিন্তু সেইসব কারখানার মালিকরা কৌশলে সব দোষ রানার ওপর ফেলে দিয়েছে। এখন যদিও রানা কারাগারে, কিন্তু বাকি মালিকরা অনায়াসে দেশের বিভিন্ন স্থানে বহাল তবিয়তে কারখানা চালিয়ে যাচ্ছেন। তাই সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি রফিকুল ইসলাম সুজন, রানা প্লাজা সারভাইভার্স অ্যাসোসিয়েশমের সভাপতি মাহমুদুল হাসান হৃদয়, রতন হোসেন মোতালেবসহ বিভিন্ন শ্রমিক সসংগঠনের নেতারা।


আরও খবর