Logo
শিরোনাম

শেষ দিকের গোলে লিভারপুলের জয়

প্রকাশিত:বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাপোলির কাছে গত সপ্তাহে ৪-১ গোলে হার বড় ধাক্কা দিয়েছিল লিভারপুলের মনোবলে। কোচ ইয়ুর্গেন ক্লপ ওই হারকে তার লিভারপুল অধ্যায়ের সবচেয়ে জঘন্য বলেছিলেন। আয়াক্সের বিপক্ষে তার দল কী প্রতিক্রিয়া দেখায়, তা দেখতে অধীর অপেক্ষায় ছিলেন জার্মান কোচ। ম্যাচ শেষে তার মুখে হাসি ফুটাতে পেরেছেন মোহাম্মদ সালাহরা। শেষ দিকের গোলে অ্যানফিল্ডে ২-১ এ ডাচ দলকে হারিয়েছে অলরেডরা।

জোয়েল মাতিপের ৮৯তম মিনিটের গোল ক্লপের দলকে এই চ্যাম্পিয়নস লিগে প্রথম জয় এনে দেয়। সালাহর গোলে লিভারপুল এগিয়ে গিয়েছিল, কিন্তু অতিথিরা দ্রুত ঘুরে দাঁড়ায় মোহাম্মদ কুডুসের গোলে। শেষ পর্যন্ত গতবারের রানার্সআপদের স্বস্তি এনে দেন মাতিপ।

লিভারপুল দারুণ শুরু করেছিল এবং দাবিদার হিসেবেই এগিয়ে যায় তারা ১৭ মিনিটে। ডিওগো জোতার বানিয়ে দেওয়া বলে খুব কাছ থেকে গোল করেন সালাহ।

স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করার একাধিক সুযোগ পেলেও সালাহ, লুইস দিয়াজ ও জোতা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে লিভারপুলকে ২৭ মিনিট পর। দলগত প্রচেষ্টায় কুডুস চমৎকার স্ট্রাইকে আলিসনকে পরাস্ত করেন।

প্রিমিয়ার লিগ দল আবারও লিড নিতে মরিয়া ছিল। আয়াক্স গোলকিপার রেমকো পাসভির রুখে দেন ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডকে।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেলেছে লিভারপুল। কিন্তু আয়াক্স তাদের বোতলবন্দি করে রাখে। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে তো তারা পেছনে ফেলে দিতে লেগেছিল লিভারপুলকে। ডেলি ব্লাইন্ডের গোলপোস্টের কাছ থেকে নেওয়া হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

বদলি নামা ডারউইন নুনেজ ও সালাহর প্রচেষ্টা ব্যর্থ হলে হতাশা বাড়তে থাকে লিভারপুল ক্যাম্পে। অবশেষে আকাঙ্ক্ষিত জয়ের দেখা পায় তারা মাতিপের হেডে। গ্রুপে ৩ পয়েন্ট পেয়ে লিভারপুল ২ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর অভাবে রেঞ্জার্সের মাঠে নাপোলির খেলা একদিন পিছিয়ে বুধবার হবে। এদিকে বি গ্রুপের ম্যাচে ক্লাব ব্রুগ এফসি পোর্তোর মাঠে ৪-০ গোলে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। বায়ার লেভারকুসেন ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে।

টটেনহ্যাম হটস্পার ২-০ গোলে হেরে গেছে স্পোর্তিং সিপির মাঠে। মার্শেইকে হারিয়ে আসর শুরু করা দলটি ৩ পয়েন্ট নিয়ে ডি গ্রুপে দ্বিতীয় স্থানে নেমেছে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পোর্তিং। মার্শেইকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট।

 


আরও খবর