Logo
শিরোনাম

‘সক্ষমতা অর্জনে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে’

প্রকাশিত:সোমবার ১৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবে। এটা একদিকে আমাদের জন্য খুশির খবর, অপরদিকে চ্যালেঞ্জের। তিনি বলেন, আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের তৈরি হতে হবে। কাজ করতে হবে গভীরভাবে। বুঝে ও জেনে সামনে এগিয়ে যেতে হবে। অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

রোববার (১৭ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে পর্যটন ভবনে এক কর্মশালায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমাদের অনেক বাণিজ্য সুবিধা থাকবে না, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। ইউরোপীয় ইউনিয়ন আমাদের জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা দিলেও অনেক শর্ত পূরণ করতে হবে। বাণিজ্য সুবিধা আদায় করতে পিটিএ বা এফটিএ এর মতো বাণিজ্য চুক্তি করতে হবে। এজন্য সাময়িকভাবে আমরা কিছু শুল্ক হারালেও দীর্ঘ মেয়াদে আমরা লাভবান হবো।

তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হলে যোগ্য ও দক্ষ মানুষ গড়ে তুলতে হবে। বিদেশি দক্ষ জনশক্তির ওপর নির্ভর করলে চলবে না। আমাদের কাজ আমাদেরই দক্ষতার সাথে করতে হবে। যোগ্য ও দক্ষ মানুষগুলোকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। আমাদের সক্ষমতা অর্জনের বিকল্প নেই, সর্বাধিক গুরুত্ব দিয়ে তৈরি হতে হবে এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায়। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরগুলোকেও সমান তালে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, প্ল্যানিং কমিশনের এগ্রিকালচার, ওয়াটার রিসোর্স অ্যান্ড রুরাল ইনস্টিটিউশন ডিভিশনের সদস্য (সচিব) শরিফা খান এবং এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।


আরও খবর