Logo
শিরোনাম

টিকা নিয়েছে দেশের ১ শতাংশ মানুষ

প্রকাশিত:শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২৪৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গতকাল পর্যন্ত দেশের সাড়ে ১৮ লাখ অর্থাৎ, মোট জনসংখ্যার এক শতাংশের কিছু বেশি মানুষ টিকাদান কর্মসূচির আওতায় এসেছে।  শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত করোনা সংক্রমণের গতিবিধি ও টিকা শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।

তিনি বলেন, এখনই মাঠ লেভেলে (পথে-ঘাটে) ভ্যাকসিন দেওয়া হবে না‌। আমরা হাসপাতালভিত্তিক ভ্যাকসিনেশন করছি। আমাদের রেজিস্ট্রেশন অনুযায়ী একসঙ্গে ধাপে ধাপে ৬০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এর আগে কাউকেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে না।

বাংলাদেশ‌ তিন কোটি ভ্যাকসিন কিনেছে। ভারত থেকে ২০ লাখ উপহার পেয়েছি। আমাদের হাতে তিন কোটি ২০ লাখ ভ্যাকসিন আছে। বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে টিকা সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে গড়া জোট কোভ্যাক্স থেকে মোট জনসংখ্যা ২০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার জন্য সহায়তা দেবে। তাদের সঙ্গে আলোচনা চলছে ৩০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করার জন্য। তারা ৩০ শতাংশ না দিলেও হয়তো ২৭ শতাংশ করতে চেষ্টা করছে।

তিনি বলেন, আগামী জুনের মধ্যেই কোভ্যাক্সের এক কোটি ২৮ লাখ ভ্যাকসিন পাবো। এর প্রথম চালান মার্চে ৫০ লাখ এসে যাবে। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি ভারত থেকে কেনা আরো ২০ লাখ ভ্যাকসিন আসবে।

এসময় অনলাইনে যুক্ত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অনুজীব বিজ্ঞানী অধ্যাপক ডা. সমীর কুমার সাহা, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. আবু জামিল ফয়সাল।


আরও খবর