
বর্তমানে উয়েফা নেশন্স লিগ খেলে ইউরোপের দেশগুলো। তবে ২০২৪ সাল থেকে উয়েফা নেশন্স লিগে ১০টি দক্ষিণ আমেরিকান দেশকেও অন্তর্ভুক্ত করার কথা চিন্তা করছে তারা, যা অনেকে স্পষ্টভাবেই ফিফার বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন।
ফিফা চায় দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করতে। কিন্তু এ বিষয়টি কোনোভাবেই মানতে চাইছে না ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও লাতিন আমেরিকার কনমেবল। এই দুটি মহাদেশীয় সংস্থা সরাসরি ফিফার বিরোধিতা করেছে।
তাই ২০২৪ সাল থেকে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলো ইউরোপের নেশন্স লিগে খেলবে। এমন সিদ্ধান্তই নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। ২০২৪ সাল থেকে কনমেবল অঞ্চলের দশটি সদস্য দেশও অংশ নিবে নেশন্স লিগে।
উয়েফার সহ-সভাপতি জিবিনিউ বনিয়েক বলেন, '২০২৪ থেকে কনমেবল নেশন্স লিগের সঙ্গে যোগ দেবে। আমরা উয়েফা ও কনমেবল একে অন্যকে সহযোগিতার স্বার্থে পারস্পরিক সমঝোতার চুক্তি সই করেছি।'
তবে লাতিন আমেরিকার দলগুলো খেললেও নেশন্স লিগের ম্যাচগুলো তাদের খেলতে হবে ইউরোপেই। নয়তো খেলোয়াড়দের ভ্রমণ নিয়ে বেশ ঝামেলায় পরতে হবে। অপরদিকে লাতিন আমেরিকার বড় তারকারা যেহেতু ইউরোপের লিগেই খেলেন, তাই তারা সহজেই নেশন্স লিগের ম্যাচগুলোতে খেলতে পারবে।

