Logo
শিরোনাম

কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি

প্রকাশিত:বুধবার ১৪ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লা-সিলেট মহাসড়কে ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতকাজ করার কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিকল্প সড়ক হিসেবে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব

ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কে যানবাহন চলাচল করছে।

এ অবস্থায় দ্বিতীয় দিন বুধবারও যানবাহনে তীব্র চাপের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে অন্তত ৫০ কিলোমিটার পথজুড়ে  তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগ বলছেন, যানজট নিরসনে তারা দিনরাত কাজ করতে গিয়ে বেশ হিমশিম খাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কাজ চলছে। এ জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন শুধু সেতুর একপাশ দিয়ে চলাচল করতে দেওয়া হয়।

এ ছাড়া একই দিন রাত ১০টার পর থেকে বুধবার বিকাল ৩টা পর্যন্ত লাঙ্গলবন্দ সেতুর ওপর দিয়ে সব প্রকার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

এ সময়ে সড়ক বিভাগ সূত্রে বলা হয়েছে, বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনসমূহকে মোগরাপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারি যানবাহনসমূহকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক আতিকুল ইসলাম শিমুল জানান, নায়ায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করার কারণে বিকল্প সড়ক কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে রাত-দিন তারা বেশ হিমশিম খাচ্ছেন।

তবে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি তেমন নেই। আজ বিকাল ৩টায় ব্রিজের মেরামতকাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করছেন সড়ক বিভাগের সংশ্লিষ্টরা।

 


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩