
যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে ঢুকে বাবা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলায় এ দুর্ঘটনা ঘটে।
মনিরামপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, সকাল সাড়ে সাতটার দিকে যশোর থেকে একটি কাভার্ডভ্যান মনিরামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেগারিতলা পৌঁছালে রাস্তার পাশে থাকা বাবা-ছেলেকে প্রথমে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এরপর সেটি রাস্তার পাশের একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। সেখানে আরও তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, আমরা হাইড্রোলিক ব্যবহার করে হোটেল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। কাভার্ডভ্যানের চালক কিংবা হেলপারকে পাওয়া যায়নি।
মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

